
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক সাড়া দিয়েছে ইরান। হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার মাঝেই বাংলাদেশের ছয়টি তেলবাহী জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার (০১ এপ্রিল, ২০২৬) ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
রাষ্ট্রদূত জাহানাবাদি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি প্রদান করা হয়েছে। ইরানের নিরাপত্তা কাউন্সিল বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলাদেশের পতাকাবাহী ছয়টি তেলবাহী জাহাজকে চলাচলের সবুজ সংকেত দিয়েছে।
তিনি উল্লেখ করেন, ইরান বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যাতে কোনো সংকটে না পড়ে, সে লক্ষ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আরও জানান, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে নিরাপদে দেশে ফিরেছেন। বর্তমানে সেখানে অবস্থানরত অন্য কোনো বাংলাদেশি যদি দেশে ফিরতে ইচ্ছুক হন, তবে ইরান সরকার তাদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। যুদ্ধকালীন এই বিশেষ সহযোগিতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
