বুধবার, ফেব্রুয়ারি ২৫

বনানীতে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তিনি শহীদদের কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের শ্রদ্ধা নিবেদনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তিন বাহিনীর প্রধানগণ—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় এক নারকীয় হত্যাযজ্ঞে ৫৭ জন দেশপ্রেমিক সেনাসদস্যসহ মোট ৭৪ জন প্রাণ হারান। দীর্ঘ সময় পর ২০২৪ সালের পটপরিবর্তনের প্রেক্ষিতে এখন থেকে দিনটি রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে আজ সকাল থেকেই সামরিক কবরস্থানে শহীদদের স্বজনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও কোরআনখানির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *