মঙ্গলবার, মার্চ ১০

বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই ফার্মেসিকে জরিমানা

|| নিজস্ব প্রতিবেদক (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত দুটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। অভিযানে দুটি ফার্মেসিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওয়াদুদ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানটির মালিক টিটুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে রাব্বানী ফার্মেসিতে ওষুধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোকানটির মালিক রাব্বানীকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. পলাশ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *