মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০

বদলগাছীতে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা: প্রার্থীর একগুচ্ছ প্রতিশ্রুতি

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদদাতা ||

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু)।

জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

তিনি তার বক্তব্যে এলাকার কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মহাদেবপুর ও বদলগাছী শস্যভাণ্ডার হওয়া সত্ত্বেও কৃষকদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। নির্বাচিত হলে কৃষিপণ্যের করমুক্ত বাজার স্থাপন, সেচ খরচ কমানো, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সার ও সেচের জন্য কৃষিবান্ধব নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে এলাকার বিখ্যাত নাকফজলী আম প্রক্রিয়াজাতকরণের জন্য জুস ফ্যাক্টরি স্থাপন এবং ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

ফজলে হুদা বাবুল আরও বলেন, তরুণদের আইটি সেক্টরে দক্ষ করতে ডিজিটাল ট্রেনিং সেন্টার এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় ‘মোবাইল হেলথ ইউনিট’ চালু করা হবে। এছাড়া ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করা, নিয়োগ বাণিজ্য বন্ধ এবং প্রতিহিংসামুক্ত রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে হস্তশিল্প ও কুটির শিল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরির বিশেষ পরিকল্পনাও ব্যক্ত করেন তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকিতুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম তারিকুল ইসলাম হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মুনিরা সুলতানা, কন্যা ফাবি সুমাইয়া হুদা, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, আল এমরান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটুসহ যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা দেশের সমৃদ্ধি ও এলাকার উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে ফজলে হুদা বাবুলকে বিজয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *