
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||
নারীর ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নির্বাচনী অঙ্গীকার পূরণে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই জনকল্যাণমূলক প্রকল্পের শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য যাচাই-বাছাই শেষে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতার জন্য চূড়ান্ত মনোনীত করা হয়েছে। প্রতিটি কার্ডধারী পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে সরাসরি নগদ সহায়তা পাবেন। জি-টু-পি (গভর্নমেন্ট টু পার্সন) পদ্ধতিতে এই অর্থ সরাসরি উপকারভোগী নারীর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে পৌঁছে যাবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে।
আধুনিক প্রযুক্তি সম্বলিত এই ফ্যামিলি কার্ডে কন্টাক্টলেস চিপ ও কিউআর কোড ব্যবহার করা হয়েছে। প্রথম ধাপে রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেকসহ বিভিন্ন এলাকার নিম্নআয়কারী নারীদের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আগামী জুন মাসের মধ্যে মনোনীত সকল পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। নারীর অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে এই পদক্ষেপটি একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
