রবিবার, ফেব্রুয়ারি ১৫

ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রতিদিনের গড় হিসাবে যার পরিমাণ প্রায় ৯ কোটি ৬৭ লাখ ডলার। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেশ আশাব্যঞ্জক। ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে এসেছিল ১৩০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহিত করতে সরকারের নানা পদক্ষেপ এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের প্রতিযোগিতামূলক রেট পাওয়ায় প্রবাসীরা আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। গত জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ। তার আগে ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা এখন পর্যন্ত চলতি অর্থবছরের সর্বোচ্চ এবং ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। গত জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার দিয়ে শুরু হওয়া এই ধারা আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলারে গিয়ে দাঁড়ায়। নভেম্বরে এই অঙ্ক ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *