
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনার ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দামোদর পূর্বপাড়া শ্মশানঘাট সংলগ্ন ভৈরব নদীর চর এলাকার একটি ঘাট থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—দামোদর কলোনীপাড়ার বাসিন্দা তরীকুল ইসলাম ওরফে সুমন (২৩) এবং খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকার তানভীর চৌধুরী (২৭)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে একদল সদস্য নদীর পাড়ে নজরদারি শুরু করে। সেখানে একটি ব্যাগের ওপর কয়েকটি আগ্নেয়াস্ত্র রেখে চারজনকে বসে থাকতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত অভিযান চালানো হলে দুইজনকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। তবে বাকি দুজন দৌড়ে পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দেশীয় তৈরি বন্দুক এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আটকদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোনো ধরনের অপরাধমূলক পরিকল্পনায় ছিল, নাকি অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
