শুক্রবার, মার্চ ২৭

পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত; ছেলে আটক

|| কুড়িগ্রাম প্রতিনধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি, সাবেক বিডিআর)-এর একজন অবসরপ্রাপ্ত সদস্য। এ ঘটনায় তার ছোট ছেলে মানিক মিয়া (২৫) জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। এ সময় মানিক মিয়া ঘর থেকে একটি ধারালো ছুরি এনে তার বাবার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক মিয়াকে আটক করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাগেশ্বরী থানার পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *