শুক্রবার, মার্চ ২৭

পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠক নীতিদত্ত চাকমা নিহত

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)-এর এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মানিক্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নীতিদত্ত চাকমা (৫৮) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক।

স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানা যায়, সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার মানিক্যপাড়ায় একটি চায়ের দোকানে ইউপিডিএফ গনতান্ত্রিক দলের সংগঠক নীতিদত্ত চাকমা পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি মেলা সম্পর্কে স্হানীয় লোকজনদের সাথে আলোচনা করা অবস্হায় আভ্যন্তরীন আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জেরে হামলাকারীরা মুখে কাপড় বাধা অবস্হায় ০৩টি মোটরসাইকেলে এসে নীতিদত্ত চাকমাকে গুলি করে রাবার ড্যাম এলাকার দিকে পালিয়ে যায়। তাদের মতে আক্রমনকারীরা ইউপিডিএফ (মূল) দলের সদস্য হতে পারে।

বুকে ও পিঠে গুলিবিদ্ধ গুরুতর আহত নীতিদত্ত চাকমাকে সংগঠনের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পানছড়ি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি শহরের পার্ক সাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই পোনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নীতিদত্ত চাকমা পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের বর্ন চাকমার ছেলে। বর্তমানে সে একই উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের সূতকর্মা পাড়ায় বসবাস করতো।

এদিকে, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফকে (প্রসীত গ্রুপ) দায়ী করেন। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

অপরদিকে এ দাবি অস্বীকার করে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সংগঠক অংগ্য মারমা বলেন, তাদের অভ্যন্তরিন কোন্দলে নিজ দলীয় অস্ত্রধারীর গুলিতে নীতিদত্ত চাকমা নিহত হয়েছে। এতে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) কোন সম্পৃক্ততা নেই।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনা জানার সাথে সাথেই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌছায়। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসে নাই। মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *