
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
নিশ্চিন্তভাবে ব্যবহারযোগ্য নাগরিক সেবা নিশ্চিত করতে উদ্যোক্তাদের ভূমিকার ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য উদ্যোক্তাদের কাছে এক ধরনের আমানত। এই তথ্য সুরক্ষিত ও সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে নাগরিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং সময় ও শ্রম সাশ্রয়ের লক্ষ্যেই সরকার ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে একই জায়গা থেকে একাধিক সরকারি সেবা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সে লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
তিনি উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, নাগরিক সেবার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।
বক্তব্যে তিনি জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। বলেন, সরকার নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানে থাকলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রয়েছে। একটি জনকল্যাণমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআই প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা।
অনুষ্ঠানে উদ্যোক্তা কার্যক্রম নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন এটুআইয়ের হেড অব ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। এছাড়া চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (উপ-সচিব) ফজলুল জাহিদ পাভেল এবং হেড অব কমিউনিকেশন মোহাম্মদ সফিউল আযম উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলার প্রায় পাঁচ শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
