বৃহস্পতিবার, মার্চ ১২

দাখিলে নিজ মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ, কেন্দ্র নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

২০২৬ সালের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীই তার নিজ মাদ্রাসায় অবস্থিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

আজ ১২ মার্চ, ২০২৬ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব উপজেলায় মাত্র একটি দাখিল পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের জন্য বোর্ড দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে মাদ্রাসা বোর্ড
১. কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা যেতে পারে।
২. সংশ্লিষ্ট উপজেলার মাদরাসা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে (যেমন: স্কুল বা কলেজ) কেন্দ্র প্রতিস্থাপন করে সকল পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যেতে পারে।

মাদ্রাসা বোর্ড জানিয়ে দিয়েছে যে, দাখিল পরীক্ষার জন্য কোনো অবস্থাতেই উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না। ভৌগোলিক অবস্থান ও সার্বিক দিক বিবেচনা করে স্থানীয় প্রশাসনকে এই নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *