
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) এক সরকারি অফিস আদেশের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন এই মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, পেশ ইমাম পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন উমর ফারুক। তিনি তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মাওলানা আব্দুর রহিমের ছেলে। এছাড়া মুয়াজ্জিন পদে নির্বাচিত হয়েছেন একই উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামের মোঃ মতিউর রহমান। তার পিতার নাম মোঃ নূরুল ইসলাম।
মসজিদটির খাদিম পদে দুইজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তারা হলেন- তালজাঙ্গা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ আব্দুর রহমান খান ও তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাররং গ্রামের মোঃ মোস্তাকিম আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি তানজিলা আখতার স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও কিশোরগঞ্জ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যেই নবনির্বাচিত এই কর্মীবৃন্দ তাদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
