রবিবার, ফেব্রুয়ারি ৮

ঢাকার ৬ স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ অংশে দুই দিনের টানা কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে এই জনসভাগুলো অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী লাল মাঠে, বেলা ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।

দিনের শেষ ভাগে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল সানভ্যালি মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বিএনপির এই শীর্ষ নেতা।

এর আগে গতকাল শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে আজ এবং আগামীকাল সোমবার দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে ঢাকা উত্তরের এই ছয়টি স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *