
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে প্রতিহিংসা বর্জন ও ইতিবাচক রাজনীতির এক নতুন ধারা সূচনার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমীরের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।
নির্বাচনোত্তর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের দুই শীর্ষ নেতার এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র জানায়, বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জাতীয় ঐক্য বজায় রাখা এবং আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করার বিষয়ে দুই নেতার মধ্যে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। তারেক রহমান জামায়াত আমীরকে নির্বাচনে তাঁর দলের অভাবনীয় সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং দেশ গঠনে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং জামায়াতের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। নির্বাচন শেষে বিবাদ নয়, বরং সৌহার্দ্য ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের যে বার্তা তারেক রহমান দিতে চাইছেন, এই সাক্ষাৎ তারই একটি জোরালো অংশ বলে মনে করা হচ্ছে। রাজধানীর বসুন্ধরা এলাকায় এই হেভিওয়েট বৈঠকের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
