
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় পয়লা গ্রামে পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৫০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও সতীনের বিরুদ্ধে। চুল কেটে নির্যাতনের পর বিষমিশ্রিত শরবত পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ঘিওর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনাকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সম্প্রতি তৃতীয় বিয়ে করার পর থেকেই দ্বিতীয় স্ত্রী সখিনা বেগমের সঙ্গে তার বিরোধ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, সোমবার রাত থেকে সখিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার মাথার চুল কেটে অপদস্থ করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সখিনা পানি পান করতে চাইলে তাকে কৌশলে বিষমিশ্রিত শরবত দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে যুথী আক্তার বলেন, “শরবতে বিষ মিশিয়ে আমার মাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঘিওর থানার (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন ।
