বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার অভিনয় বিভাগে কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম একুশে পদক লাভ করেছেন। সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। এছাড়া নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার এবং ভাস্কর্যে তেজস হালদার জসকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এবং শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন। সেই সাথে সংগীতাঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার একুশে পদকে ভূষিত হয়েছে।

পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং দেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজন ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করে আসছে সরকার। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশ গঠনে গুণীজনদের এই অর্জনকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *