শনিবার, ফেব্রুয়ারি ৭

খুলনা–৩ আসনে বিএনপির উদ্যোগে চালু হলো ২৪ ঘণ্টার ফ্রি ওয়াইফাই সেবা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

“স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।

খুলনা–৩ আসনের অন্তর্গত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ছয়টি পয়েন্টে স্থাপন করা হয়েছে “বকুল’স ওয়াইফাই জোন”। এসব জোনে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে, যেখানে কোনো পাসওয়ার্ড ছাড়াই সাধারণ মানুষ সহজে সংযুক্ত হতে পারবে।

এ বিষয়ে উদ্যোক্তা আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট আর বিলাস নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান ও সমাজের সঙ্গে যুক্ত থাকার একটি মৌলিক মাধ্যম। এখন জ্ঞান অর্জন কেবল পাঠাগারে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আয়ের পথে যুক্ত হচ্ছে। তিনি আরও বলেন, ফ্রি ওয়াইফাই সেবা তরুণ সমাজসহ সবার জন্য একটি অধিকার এবং ভবিষ্যতে এআই নির্ভর বিশ্বে তরুণরাই নেতৃত্ব দেবে।

দলীয় সূত্র জানায়, এই উদ্যোগ বিএনপির দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ। এর লক্ষ্য খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো, মানুষের মধ্যে তথ্য ও প্রযুক্তিগত সংযোগ জোরদার করা এবং টেকসই কমিউনিটি গড়ে তোলা।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ফ্রি ওয়াইফাই চালুর ফলে শিক্ষার্থী, তরুণ, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরি, সরকারি সেবা এবং অনলাইনভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সহজে যুক্ত হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *