
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে ঘোষিত “শনিবার পরিচ্ছন্নতা দিবস” কর্মসূচির অংশ হিসেবে খুলনা নগরীতে শুরু হয়েছে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশন-এর তত্ত্বাবধানে শনিবার দৌলতপুর এলাকায় প্রথম ধাপের অভিযান পরিচালিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডে সরকারি হাঁস প্রজনন খামার এলাকা থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কনজারভেন্সি বিভাগের তত্ত্বাবধানে চলা এ অভিযানে ড্রেন, নালা, ময়লার স্তূপ এবং সম্ভাব্য মশার প্রজননস্থলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।
অভিযানস্থলে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসক বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মশাবাহিত রোগ প্রতিরোধ কঠিন হয়ে পড়বে। তাই উৎসস্থল ধ্বংসে গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ধাপে ধাপে নগরীর সব ওয়ার্ডেই এ কার্যক্রম বিস্তৃত করা হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশন নয়, নাগরিকদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে। বাসাবাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের পরামর্শ দেন তিনি।
অভিযানে কেসিসির প্রকৌশল ও কনজারভেন্সি বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রশাসক নগরীর কুয়েট অ্যাপ্রোচ সড়ক এবং নির্মাণাধীন শলুয়া কম্পোস্ট প্লান্ট পরিদর্শন করেন।
