রবিবার, এপ্রিল ১২

খালিশপুরে রাতের আঁধারে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

মহানগরীর খালিশপুরে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তাঁতী দলের স্থানীয় নেতা সোনামিয়া (৩৮)-এর। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে নয়াবাটি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সোনামিয়া ওই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। তার পিতা জব্বার সরদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে নিজ চায়ের দোকানে বসে ছিলেন সোনামিয়া। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন হামলাকারী দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেও সেখানেও রক্ষা পাননি তিনি। হামলাকারীরা পিছু নিয়ে আবারও তাকে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দু’জনের মুখ ঢাকা ছিল এবং অপরজন হেলমেট পরা অবস্থায় ছিল। তারা পরিকল্পিতভাবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এদিকে স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধ কিংবা রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *