মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক সভা: ইফতার ও ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত

|| নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ায় নানাবিধ সাংগঠনিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে ইসলামী ঐক্য আন্দোলন জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহরের দারুন নাজাত মডেল মাদ্রাসায় আয়োজিত এই সভায় আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ইফতার মাহফিল, দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

কুষ্টিয়া জেলা শাখার আমির আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল হাক্কানী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ কুষ্টিয়ার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ১৭ রমজান ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল আয়োজন করা হবে। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলার গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সেমাই ও চিনিসহ ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

একই সাথে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা এবং রমজানের শেষ জুমায় বিশ্ব আল-কুদস দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র নায়েবে আমির সাইফুল ইসলাম সায়েম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল আলিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামসহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সমাজ সংস্কার ও আর্তমানবতার সেবায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *