বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫

কর্মজীবী শিশুদের জন্য সিইউসি স্কুলে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে খুলনায় নতুন উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজ্ড চাইল্ড (সিইউসি)। সংগঠনটির পরিচালনায় সিইউসি স্কুলে কর্মজীবী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা নগরীর ৬১, সাউথ সেন্ট্রাল রোডে অবস্থিত নার্গিস মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির সভাপতি মোহাম্মদ শাহিন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক আরিফা ইসলাম খুকুমণি, ঝরনা বেগমসহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিইউসির সভাপতি মোহাম্মদ শাহিন হোসেন বলেন, দারিদ্র্যের কারণে দেশের বহু শিশু অল্প বয়সেই শ্রমে জড়িয়ে পড়ছে। তবে কাজের পাশাপাশি তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সিইউসির এই উদ্যোগের মাধ্যমে পথশিশু, শ্রমজীবী ও ঝরে পড়া শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা ও উপানুষ্ঠানিক পাঠদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে এসব শিশুদের ধাপে ধাপে কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের জীবন গড়ে তুলতে পারে।

সিইউসি স্কুল কর্তৃপক্ষ জানান, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের আবার শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *