
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসা মডেল মেঘনা আলম এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। রবিবার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। এর আগে তিনি গত জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়েছিলেন।
দল পরিবর্তনের কারণ এবং সংরক্ষিত আসনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মেঘনা আলম জানান, বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার দর্শনে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী যেভাবে প্রটোকল ছাড়া যানজট এড়িয়ে চলছেন, ছুটির দিনেও নিরলস কাজ করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন, তা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। আমার মনে হয়েছে, সত্যিকারের জনসেবা করতে হলে বিএনপির প্ল্যাটফর্মই এখন সবচেয়ে কার্যকর।”
দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত মেঘনা আলম দলটির মনোনয়ন পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী। তিনি বিশ্বাস করেন, বিএনপির হয়ে কাজ করার সুযোগ পেলে তিনি সাধারণ মানুষের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হলেও নতুন করে রাজনৈতিক ক্যারিয়ারের এই মোড় নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
