বুধবার, এপ্রিল ১

ইহুদিবিদ্বেষী ও উগ্র মন্তব্যের অভিযোগ: অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ইহুদিবিদ্বেষী মন্তব্য ও অ্যাডলফ হিটলারের প্রশংসা করার অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘লিগসি অব ফেইথ’ নামক একটি ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিতে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে যান আজহারী। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরার নাম অন্তর্ভুক্ত ছিল। তবে মঙ্গলবার তার ভিসা বাতিল করে তাকে বর্তমানে নির্বাসনের জন্য অপেক্ষায় রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে ২০২১ সালে উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্যের আশঙ্কায় যুক্তরাজ্যেও তার প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার একজন লিবারেল সিনেটর বুধবার (০১ এপ্রিল) জানান, আজহারীর আগমনের বিষয়ে বিভিন্ন সামাজিক ও সম্প্রদায়ভিত্তিক সংগঠন আগেই সংসদ সদস্যদের সতর্ক করেছিল। অভিযোগ রয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারী ইহুদিদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন এবং হলোকাস্টের প্রশংসা করেন। তিনি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঈশ্বরের শাস্তি’ এবং ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। এমনকি এইডসের মতো রোগের বিস্তারের পেছনেও তিনি ইহুদিদের দায়ী করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সিনেটর আরও বলেন, উগ্রবাদ ও ঘৃণা ছড়ানোর দীর্ঘ অভিযোগ থাকা সত্ত্বেও তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া ছিল অত্যন্ত উদ্বেগজনক। অতীতে বাংলাদেশেও তার বিরুদ্ধে উগ্র মতাদর্শ প্রচার ও জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টির অভিযোগে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ওপর বিধিনিষেধ ছিল। শুধু ইহুদিবিদ্বেষ নয়, তার বিরুদ্ধে হিন্দুধর্মের অবমাননা এবং বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যেরও অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠনও অস্ট্রেলীয় কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়। তবে ভিসা বাতিলের এই ঘটনায় সফরের আয়োজকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *