
|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||
ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা দুখানের ১৭ থেকে ৩৩ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।
দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা দুখানের ১৭-৩৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ফেরাউন ও তার সম্প্রদায়ের ঔদ্ধত্য এবং তাদের করুণ পরিণতির কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য একজন সম্মানিত রাসূল (হযরত মুসা আ.)-কে পাঠিয়েছিলেন, কিন্তু তারা সত্যকে প্রত্যাখ্যান করে অহংকার করেছিল।”
বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন: “ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। বর্তমান বিশ্বেও নব্য ফেরাউনরা তাদের পূর্বসূরিদের মতো একই রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে চলেছে। তারা ক্ষমতার দাপটে মজলুম মানুষের ওপর জুলুম চালাচ্ছে এবং আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, প্রতাপশালী ফেরাউনকেও আল্লাহ ছাড় দেননি; নীল নদের অতল গহ্বরে তার দম্ভ চূর্ণ হয়েছিল। আজ যারা আধুনিক ফেরাউন সেজে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যও লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে।”
মাওলানা মুহিব্বুল্লাহ ভূঁঞা কর্মীদের উদ্দেশে বলেন, ফেরাউনের পতন যেমন নিশ্চিত ছিল, তেমনি বর্তমানের জালিমদের পতনও অনিবার্য। তবে এর জন্য মুমিনদের হযরত মুসা (আ.)-এর অনুসারীদের মতো ধৈর্য, সাহস ও আল্লাহর ওপর অবিচল আস্থা রাখতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দারসে কুরআনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ। এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা নিয়মিত কুরআন চর্চার মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি এবং সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা রাখার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
