
|| আন্তর্জাতিক ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের চূড়ান্ত ক্ষণগণনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন চারটি সম্ভাব্য বিকল্প রয়েছে, যার ওপর ভিত্তি করে নির্ধারিত হতে পারে ইরানে হামলার সময়সূচি। খবর: জেরুজালেম পোস্ট।
প্রথম বিকল্প অনুযায়ী, চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই ট্রাম্প আকস্মিক হামলা চালাতে পারেন। তবে এর আগে সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন পড়বে।
দ্বিতীয় এবং সবচেয়ে জোরালো সম্ভাবনাটি হলো আগামী সপ্তাহের শুরু বা মাঝামাঝি সময়ে হামলা চালানো। এর আগে ইরানকে দেওয়া দুই সপ্তাহের সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তৃতীয় বিকল্প হিসেবে মুসলিমদের পবিত্র রমজান মাসের কথা ভাবা হচ্ছে। আঞ্চলিক মিত্রদের সংবেদনশীলতা এবং পাল্টা হামলার ঝুঁকি এড়াতে ১৯ মার্চের পর রমজান শেষে সামরিক অভিযানে যেতে পারে ওয়াশিংটন।
আর চতুর্থ ও দীর্ঘমেয়াদী বিকল্পটি হলো এই মুহূর্তে হামলা না চালিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমানগুলোর মাধ্যমে চাপ বজায় রাখা।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চলমান অচলাবস্থা, বিশাল সামরিক ব্যয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে ট্রাম্প দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুতই কোনো একটি পথে হাঁটবেন। বিশেষ করে ইসরায়েলি নেতাদের এই অভিযানে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ায় পুরো অঞ্চল এখন এক বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
