
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সিম্পোজিয়াম অন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (SISE) – স্প্রিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টি-পারপাস হলে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যাপস্টোন প্রজেক্টের কার্যকর প্রস্তুতির লক্ষ্যে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিম্পোজিয়ামের আহ্বায়ক ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ।
সিম্পোজিয়ামের মূল আকর্ষণ ছিল ক্যাপস্টোন প্রজেক্টকেন্দ্রিক বিশেষ সেমিনার, যেখানে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর পরিচালক সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন।
সেমিনারে মূল বক্তা হিসেবে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ আরিফ ইসলাম প্রজেক্ট পরিকল্পনা, গবেষণামূলক সমস্যা নির্ধারণ ও বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সিম্পোজিয়ামে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন এবং ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিভিত্তিক সমাধান প্রদর্শন করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অব দ্য সেমিস্টার (BOSS) অ্যাওয়ার্ড’ এবং ‘ক্লাস রিপ্রেজেন্টেটিভ অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট’ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষকদের জন্য ‘রিসার্চ অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ এবং আইডিয়া কন্টেস্ট, পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট ডেমনস্ট্রেশনে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
আয়োজক পক্ষ আশা প্রকাশ করেন যে, এই আয়োজন শিক্ষার্থীদের গবেষণামুখী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিক সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
