শনিবার, ফেব্রুয়ারি ৭

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পানছড়িতে ৩ বিজিবির প্রেস ব্রিফিং

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজিবি জানায়, খাগড়াছড়ি জেলার মোট ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় তারা সরাসরি নির্বাচন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে মোট ৩৭ হাজারেরও বেশি ভোটারের ভোটাধিকার সুরক্ষায় কাজ করবে বাহিনীটি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলার ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের আওতায় সিআইও কার্যক্রম চলমান রয়েছে।

নির্বাচনকালীন দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি ভোটকেন্দ্র এবং দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ১০টি ভোটকেন্দ্রে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এছাড়া গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিন ধাপে বিজিবি সদস্যদের নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মধ্যে ছিল STX অনুশীলন, রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার এবং ড্রোন পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পানছড়ি উপজেলায় ৪৮টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় ১১টি হেলি সাপোর্ট ভোটকেন্দ্রে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন। নাইট ভিশন, বডি ক্যামেরা ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে বলে জানানো হয়।

বিজিবি আশাবাদ ব্যক্ত করে জানায়, সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোটারের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য।

নিরাপদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—এই প্রত্যাশায় মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *