সোমবার, ফেব্রুয়ারি ২

আপনারা নিশ্চিন্তে আমাকে ভালো কাজে ব্যবহার করুন: আ. স. ম. জামশেদ খোন্দকার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধিদল। বৈঠকে খুলনা জেলার তামাক নিয়ন্ত্রণের বর্তমান প্রেক্ষাপট, চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে জেলা প্রশাসক বলেন, “খুলনা জেলার সবার প্রতি আমার একটাই অনুরোধ—আপনারা নিশ্চিন্তে আমাকে ব্যবহার করুন। ভালো কাজে সবসময় পাশে পাবো। কোথাও অনিয়ম বা অপরাধ দেখলে আমাকে অবহিত করুন, আমি অবশ্যই ব্যবস্থা নেব।”

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধূমপানসহ তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ঘটনাগুলো বাড়ছে। এসব প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিং আরও জোরদার করা হবে।

জেলা প্রশাসক অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তান কার সঙ্গে মিশছে এবং তারা ধূমপানের মতো অভ্যাসে জড়াচ্ছে কি না—এ বিষয়ে নজর রাখা জরুরি। তার ভাষায়, ধূমপান অনেক সময় অন্যান্য মাদকের প্রবেশদ্বার হিসেবে কাজ করে।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে খুলনা জেলা টাস্কফোর্স জাতীয়ভাবে তিনবার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে—২০১৫, ২০২৩ ও ২০২৪ সালে। তারা আশা প্রকাশ করেন, নতুন জেলা প্রশাসকের সহযোগিতা এই কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

জেলা প্রশাসক বৈঠকের শেষে আবারও জানান, “যে কোনো অনিয়ম বা আইন ভঙ্গের খবর দিন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন—সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, প্রজেক্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান শাকিল, পলিসি লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের মো. ইমরান মিয়া ও রাকিব হাসানসহ অন্যান্য প্রতিনিধিরা।

প্রতিনিধিদলের মতে, জেলা প্রশাসনের ইতিবাচক উদ্যোগ খুলনায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন দিক তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *