
|| স্পোর্টস ডেস্ক ||
বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে ফিরিয়ে নিতে আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্টেডিয়ামটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, আইসিসি ও বিসিবির মানদণ্ড অনুযায়ী ভেন্যুটির উন্নয়নে দ্রুত কাজ শুরু করা হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের যে পরিকল্পনা রয়েছে, তাতে বগুড়ার এই স্টেডিয়ামকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা এই মাঠটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আরও জানান, আগামী জুলাই মাসে এখানে অনূর্ধ্ব-১৯ নারী বিপিএল আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে জরুরি সংস্কার ও প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে মাঠ সংরক্ষণ ও নতুন মাঠ তৈরির যে কার্যক্রম শুরু হয়েছে, এটি তারই অংশ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক সময়ের জমজমাট এই ভেন্যুটি পুনরায় প্রাণ ফিরে পাওয়ার সংবাদে বগুড়ার ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
