
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা থেকে বিটিভি, বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে এটি একযোগে সম্প্রচার করা হবে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দেশের এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে সিইসি তার ভাষণে দেশবাসীকে চূড়ান্ত প্রস্তুতির কথা জানাবেন।
ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির চিত্র তুলে ধরবেন। বিশেষ করে সারা দেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্যের মোতায়েন নিয়ে তিনি কথা বলবেন। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের লক্ষ্যে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ড্রোন নজরদারির যে পরিকল্পনা কমিশন নিয়েছে, তার বিস্তারিতও তিনি জনগণের সামনে তুলে ধরতে পারেন।
সিইসি তার ভাষণে ভোটারদের নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের বিশেষ আহ্বান জানাবেন বলে ইসি সূত্রে জানা গেছে। একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশনের যে দৃঢ় প্রতিশ্রুতি, সেটিই হবে তার বক্তব্যের মূল সুর।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বর্তমান নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
