
|| মোহাম্মদ রাজিবুল হাসান| নিজস্ব প্রতিবেদক ||
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৬’। আজ দুপুর ২টায় রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং লেখক-প্রকাশকদের সাথে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় সর্বমোট ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি। বরাবরের মতো এবারও শিশুদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ ‘শিশুচত্বর’, যেখানে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট রয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। পাঠকদের সুবিধার্থে বাংলা একাডেমিসহ প্রতিটি প্রকাশনী ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।
মেলার মূল মঞ্চে প্রতিদিন বিকেলে বিষয়ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ ঘোষণা করা হয়েছে। নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই মেলা প্রাঙ্গণ সাধারণ পাঠক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলা উপলক্ষে একাডেমি ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
