
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ আজ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে মেরিনা তাবাসসুম এই সম্মাননা পাচ্ছেন। সংগীতে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি আইয়ুব বাচ্চু। এছাড়া নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার এবং ভাস্কর্যে তেজস হালদার জসকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মনোনীত হয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এবং শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার। পাশাপাশি সংগীতাঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার একুশে পদক পাচ্ছে।
ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে ১৯৭৬ সাল থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজন ও প্রতিষ্ঠানকে এই পদক প্রদান করে আসছে সরকার।
