বুধবার, মার্চ ১১

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য নূর ই আলম সিদ্দিকী উজ্জলকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেসক্লাব সূত্রে জানা গেছে।

প্রেসক্লাব সূত্র জানায়, মঙ্গলবার (১০ মার্চ) বদলগাছী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. ফেরদৌস হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটি ও উপস্থিত সদস্যরা নূর ই আলম সিদ্দিকী উজ্জলের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় অভিযোগ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে গিয়ে অপকর্মে জড়িত ছিলেন। পাশাপাশি অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা, সুবিধা না পেলে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে অভিযুক্ত হওয়া এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও পেশাগত আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এছাড়া তিনি নিয়মিতভাবে প্রেসক্লাবের সভায় অনুপস্থিত থাকা এবং প্রেসক্লাবের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অমান্য করে সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলেও সভায় উল্লেখ করা হয়।

এসব অভিযোগ নিয়ে সভায় উপস্থিত সদস্যরা আলোচনা ও পর্যালোচনা শেষে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মত সিদ্ধান্তে নূর ই আলম সিদ্দিকী উজ্জলকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন। উজ্জল আজকের বসুন্ধরা পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে।

সদস্য এনামুল কবীর এনাম বলেন, ““সাংবাদিকতার নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংগঠনের ভাবমূর্তি রক্ষার জন্যই সর্বসম্মতভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।”

সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন বলেন, “প্রেসক্লাব একটি পেশাজীবী সংগঠন। এখানে শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভায় বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের মর্যাদা রক্ষায় আমরা একই অবস্থানে থাকব।”

প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন বলেন, “প্রেসক্লাবের সুনাম ও সাংবাদিকতার মর্যাদা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সদস্য যদি সংগঠনের গঠনতন্ত্র ও সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করেন, সে ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নূর ই আলম সিদ্দিকী উজ্জলের সাথে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের কোনও সম্পর্ক রইলো না। তার সাথে কেউ কোনও লেনদেন করলে তার দায়ভার বদলগাছী উপজেলা প্রেসক্লাব বহন করবে না।

প্রেসক্লাব সূত্রে আরও জানানো হয়েছে, বহিষ্কারের সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *