
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে নগরীর ফেরিঘাট মোড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনকালে প্রশাসক বলেন, প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতি শনিবার নির্দিষ্ট একটি এলাকায় বিশেষভাবে এ কার্যক্রম চালানো হয়। ডেঙ্গু সংক্রমণ কমে এলেও আগামী এক মাস এ অভিযান অব্যাহত থাকবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কেসিসির পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে প্রশাসক শিববাড়ি মোড় ও সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দীপঙ্কর দাস, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মহিউদ্দিন টারজান, মোল্লা ফিরোজ আহমেদসহ কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিকেলে প্রশাসক নগরীর কেডি ঘোষ রোড, গগন বাবু রোড, রূপসা স্ট্র্যান্ড রোড ও খান জাহান আলী রোডের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, গাজী সালাউদ্দিন ও খান হাবিবুর রহমান, কাজী মো. ইমরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
